Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দীঘির বিয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০১:৪১ PM আপডেট: ১৪ এপ্রিল ২০২১, ০১:৪১ PM

bdmorning Image Preview


সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আর ফিরেই চমকে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বধূর বেশে একটি ছবি প্রকাশ করেছেন। এরপর থেকে কেউ কেউ মনে করছেন তবে কি জীবনের নতুন ইনিংস শুরু করলেন নায়িকা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেলো বিয়ের পাত্রী হিসেবে নয়, একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে। 

গতকাল (১৩ এপ্রিল) রাজধানীর বারিধারায় গৌতম সাহার কোরিওগ্রাফিতে দীঘি অংশ নিয়েছিলেন আহাম ফ্যাশন হাউজের একটি ব্রাইডাল ফটোশুটে। সেই ছবিগুলোতে ধূসর, গোলাপি সহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় নতুন এক দীঘিকেই দেখা গেল। তার বধূবেশের ছবিগুলো তুলেছেন নাইমুল ইসলাম। মেকওভার করেছে হাবিব বিউটি লাউঞ্জ।

এটিই ছিল এই নায়িকার জীবনের প্রথম ব্রাইডাল ফটোশুট। যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে।

দীঘি জানান, সামনে ভালো ব্রান্ড আর সব কিছু ভালো হলে মডেলিং চালিয়ে যাবেন। দীঘি ছাড়াও এই ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হক সহ আরও কয়েকজন।

প্রথমবার দীঘির ব্রাইডাল ফটোশুটে অংশ নেয়ার ব্যাপারে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, দীঘির মা চিত্রনায়িকা দোয়েল আমার কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন। এবার ভাগ্নি দীঘি করলো। কাজটি খুবই সুন্দর হয়েছে। ফটোশুটের ছবি দেখে তো বুঝতে পারছেন। ওর মা (দোয়েল) বেঁচে থাকলে অনেক খুশি হতেন।

প্রসঙ্গত, অভিনয় শিল্পী সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি আলোচনার প্রাদপ্রদীপে উঠে আসেন ছোট্ট দীঘি। বিজ্ঞাপনে তার মুখে ‘বাবা জানো, আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে’ সংলাপটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। এদিকে, ইতোমধ্যে শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘির দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। সামনে দীঘির নতুন একটি সিনেমার শুটিংয়ের কথা আছে।

Bootstrap Image Preview